উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা ক্ষত-বিক্ষত

কক্সবাজার
কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্তের শূন্যরেখায় মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবকের বাম পা ক্ষত-বিক্ষত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তের শূন্যরেখায়, মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
আহত মো. সাদেক (২৫) উখিয়ার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-১৩ ব্লকের বাসিন্দা বশির আহমদের ছেলে।
লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, শুক্রবার সকাল ১০টার দিকে মো. সাদেকসহ কয়েকজন নাফ নদীর মিয়ানমার অংশে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে সাদেক নদীর তীরে কাদামাটিতে লুটিয়ে পড়েন এবং তার বাম পায়ের গোড়ালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
পরে ঘটনাস্থলে থাকা অন্যরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
এর আগে গত ২৯ মার্চ দুপুরে ওই সীমান্তে মাইন বিস্ফোরণে আব্দুল হাকিম (১৫) নামের এক কিশোর আহত হয়। সে ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ইব্রাহীমের ছেলে।