আরাকান আর্মির কাছ থেকে দেশে ফিরলেন ৭৩ জেলে

কক্সবাজার টেকনাফ
কক্সবাজার প্রতিবেদক :
বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জন জেলে দেশে ফিরেছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) প্রথম ধাপে তাদের নাফ নদীর শূন্য লাইন থেকে গ্রহণ করে টেকনাফ জেটিঘাটে আনা হয়।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান জানান, ২০২৫ সালের বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় মাছ ধরতে গিয়ে কয়েকটি ট্রলারের জেলেরা অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেন। এ সময় তাদের আটক করে আরাকান আর্মি। পরবর্তীতে আটক জেলেদের মিয়ানমারের অভ্যন্তরে সংশ্লিষ্ট সংগঠনের নিয়ন্ত্রিত ক্যাম্পে স্থানান্তর করা হয় এবং বিভিন্ন মেয়াদে সেখানে আটকে রাখা হয়।
উদ্ভূত পরিস্থিতিতে মানবিক বিবেচনায় কক্সবাজার অঞ্চলের বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সমন্বিত উদ্যোগে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করা হয়। এর ফলে ধাপে ধাপে আটক জেলেদের প্রত্যাবর্তনের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয় এবং পর্যায়ক্রমে হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করা হয়। ফিরে আসা জেলেদের মধ্যে ৬৬ জন বাংলাদেশি এবং ৭ জন রোহিঙ্গা রয়েছেন। সোমবার প্রথম ধাপে ৭৩ জন জেলেকে নাফ নদীর শূন্য লাইনে আরাকান আর্মির কাছ থেকে গ্রহণ করে টেকনাফ জেটিঘাটে আনা হয়। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।
তিনি আরও জানান, ইতোমধ্যে স্থানীয় প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে।