আবারো অবৈধ দখলের কবলে বাঁকখালী নদী, পাড় দখল করে রাতারাতি উঠছে স্থাপনা

কক্সবাজার
কক্সবাজার প্রতিবেদক :
কক্সবাজার শহর সংলগ্ন বাঁকখালী নদীর তীরের আলোচিত কস্তুরাঘাট এলাকায় উচ্ছেদ হওয়া জমিতে আবারও ঘরসহ স্থাপনা তৈরি করছে অভিযুক্ত দখলদাররা। আগে চুপিসারে কিছু স্থাপনা তৈরি হলেও ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের রাত থেকেই ব্যাপকহারে শুরু হয় এই দখল কার্যক্রম।
নির্বাচনের পরে সেখানে টিন দিয়ে তৈরি হয়েছে অন্তত ৩০টি ঘর। অন্যদিকে নতুন করে উচ্ছেদ ঠেকাতে ১৫ দপ্তরে চিঠি দিয়েছে বিআইডব্লিউটিএ।
বিআইডব্লিউটিএ জানিয়েছে, কস্তুরাঘাট এলাকার নদী বন্দরের সীমানাধীন বাঁকখালী নদী ও নদীর তীরভূমিতে বিআইডব্লিউটিএ কর্তৃক জেলা প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় গত বছরের ১ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অভিযান পরিচালনা করা হয়।
ওই সময় অবৈধ দখলে থাকা নদী এবং নদীর তীর ভূমির ৬৩ একর জায়গা উদ্ধার করা হয়। একই সঙ্গে ৪৯৬টি কাঁচা-পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। কিন্তু নানা আইনি নিষেধাজ্ঞার পরও উচ্ছেদের পর থেকে বিচ্ছিন্নভাবে সেখানে আবারো ঘর তৈরি করে আসছে দখলদাররা। এ নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।