আবার কখন ভোট দিতে পারি জানি না, সেজন্য ভোট দিতে আসছি: ৯৫ বছর বয়সী শফিকুর

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক :

৯৫ বছর বয়সী শফিকুর রহমান। চট্টগ্রামের হাটহাজারীর বড়দিঘীর পাড় এলাকার বাসিন্দা। বয়সের ভারে ন্যুব্জ তিনি। তবুও ভোট দিতে আসলেন কেন্দ্রে। ১৭ বছর পর জাতীয় নির্বাচনে ভোট দিতে পেরে নিজের সন্তুষ্টির কথা জানান তিনি।

বৃহস্পতিবার ( ১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে হাটহাজারীর দক্ষিণ পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, শফিকুর রহমান রিকশায় করে ভোট দিতে এসেছেন। ভোট দেওয়া শেষে মেয়ের জামাতার সঙ্গে ঘরে ফিরে যাচ্ছেন।

ভোট দেওয়ার অভিজ্ঞতার কথা জানতে চাইলে তিনি বলেন, ‘গত ১৭ বছর জাতীয় নির্বাচনে ভোট দিতে পারিনি। এবার ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। তাই ভোট দিতে এসেছি। অনেক বয়স হয়ে গেছে, আগামীবার ভোট পর্যন্ত বেঁচে থাকবো কি-না জানি না। তাই এবার ভোট দিতে এসেছি।’

তিনি বলেন, ’ভোট দিতে এসে কোনো হয়রানিতে পড়তে হয়নি। আমার পছন্দ মতো ভোট দিতে পেরেছি। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছি।’

শফিকুরে সঙ্গে থাকা তার মেয়ের জামাতা বলেন, অনেক বয়স হয়েছে আমার শ্বশুরের। তিনি ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করায় তাকে কেন্দ্রে এনেছি। এখানকার ভোটের পরিবেশ ভালো।

ওই কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারের উপস্থিতি তেমন নাই। বাইরে বিএনপির নেতাকর্মীদের অবস্থান দেখা গেছে।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনটিতে বিএনপির প্রার্থী মীর মো. নাছির উদ্দীন, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. নাসির উদ্দিনসহ ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে আসনটিতে বিএনপির বিপরীতে তেমন কোনো শক্ত অবস্থান দেখা যায়নি।

ভোটারদের মতে, অনায়াসে জয় পাবে বিএনপি প্রার্থী মীর হেলাল।

আসনটিতে মোট ভোটার পাঁচ লাখ ১ হাজার ৯১৬ জন। মোট ভোটকেন্দ্র ১৪৩টি।