কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের পেকুয়ায় অভিযান চালিয়ে এক নারী মাদক ব্যবসায়ীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ইয়াবা, নগদ টাকা ও একটি নম্বরবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) বিকেলে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত ১টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, পেকুয়া সদর ইউনিয়নের বকসু চৌকিদারপাড়া এলাকার মো. আলমগীরের ছেলে মো. রমজান (৩১), বারবাকিয়া ইউনিয়নের পশ্চিম জালিয়াকাটা এলাকার নুরুন নবীর ছেলে সালাহ উদ্দিন (৩৮) এবং তার স্ত্রী জুবাইদা বেগম (৩৬)।
ওসি মো. খাইরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে পেকুয়া বাজারের ফাইশ্যাখালী ব্রিজ এলাকা থেকে ধাওয়া করে মো. রমজানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৯৫ পিচ ইয়াবা ও একটি নম্বরবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বারবাকিয়া ইউনিয়নের পশ্চিম জালিয়াকাটা এলাকার সিরাজ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে সালাহ উদ্দিন ও তার স্ত্রী জুবাইদা বেগমকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আরও ৪৭ পিচ ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ ১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।
ওসি খাইরুল আরও জানান, তারা দীর্ঘদিন ধরে পেকুয়া থানা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।












