কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারে মানবসেবামূলক চিকিৎসা কার্যক্রমে নতুন সংযোজন হিসেবে যাত্রা শুরু করেছে ইসলামি চক্ষু হাসপাতাল। আধুনিক ও স্বল্প খরচে চক্ষু চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত এই হাসপাতালটি ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার করেছে।
শুক্রবার (২৭ মার্চ) সকালে শহরের বিজিবি ক্যাম্পের বিপরীতে চৌধুরী কমপ্লেক্সে অবস্থিত হাসপাতালটির উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কক্সবাজারে উন্নত চক্ষু চিকিৎসা সেবার পর্যাপ্ত ব্যবস্থা এখনও গড়ে ওঠেনি। অনেক রোগীকেই চোখের চিকিৎসার জন্য চট্টগ্রাম বা ঢাকাসহ দূরবর্তী এলাকায় যেতে হয়, যা বিশেষ করে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য অত্যন্ত কষ্টসাধ্য। ইসলামি চক্ষু হাসপাতাল চালু হওয়ায় এখন স্থানীয়ভাবে স্বল্প খরচে আধুনিক চিকিৎসা সেবা পাওয়া সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সরওয়ার হোসেন বলেন, “এই প্রতিষ্ঠানে অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চোখের বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষা, পরামর্শ এবং আধুনিক যন্ত্রপাতির সাহায্যে চিকিৎসা দেওয়া হবে। মাত্র ৮০ টাকা ফি দিয়ে রোগীরা ডাক্তারের শরণাপন্ন হতে পারবেন। পাশাপাশি সুলভ মূল্যে বিভিন্ন প্যাকেজের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হবে, যা অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় কম খরচে পাওয়া যাবে। তিনি আরও বলেন, দরিদ্র রোগী ও শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড় এবং নিয়মিত সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হবে এবং প্রতিষ্ঠানের প্রতিটি কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করা হবে।”
কক্সবাজারের সিআইডি পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, “চোখ মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের অন্যান্য অঙ্গের কিছু ক্ষতি হলেও মানুষ কষ্ট করে জীবনযাপন করতে পারে, কিন্তু দৃষ্টিশক্তি হারালে জীবন অনেকটাই অচল হয়ে যায়। মানবসেবাকে সামনে রেখে প্রতিষ্ঠিত এই হাসপাতালের যাত্রা কক্সবাজারের চিকিৎসা খাতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করি।”
স্থানীয় বাসিন্দারা জানান, কক্সবাজার শহরে দীর্ঘদিন ধরে একটি আধুনিক ও সুলভ চক্ষু হাসপাতালের প্রয়োজন ছিল। নতুন এই উদ্যোগটি সাধারণ মানুষের জন্য চিকিৎসা সেবা আরও সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদ্বোধনের প্রথম দিন নারী-পুরুষ, শিশুসহ অনেকেই চিকিৎসা সেবা গ্রহণ করেন।
চিকিৎসা নিতে আসা বাসটার্মিনাল এলাকার বাসিন্দা মঞ্জুর আলম বলেন, “দীর্ঘদিন ধরে ডান চোখের সমস্যায় ভুগছিলাম। পরে ইসলামি চক্ষু হাসপাতালে এসে মাত্র ৮০ টাকা ফি দিয়ে ডাক্তার দেখাতে পেরেছি। এখানে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে আমার চোখ পরীক্ষা করা হয়েছে এবং প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হয়েছে। হাসপাতালের দায়িত্বশীলদের আন্তরিক আচরণ ও সুন্দর পরিবেশ আমার কাছে খুবই ভালো লেগেছে।”
শহরের রুমালিয়ারছড়া এলাকার নুর আয়েশা বলেন, “বেশ কয়েকদিন ধরে আমার চোখ দিয়ে পানি পড়ছিল। নতুন এই ইসলামি চক্ষু হাসপাতালে এসে স্বল্প খরচে ডাক্তার দেখাতে পেরে খুবই উপকৃত হলাম। এখানে চিকিৎসকেরা মনোযোগ দিয়ে আমার চোখ পরীক্ষা করেছেন। কিছু ড্রপ লিখে দিয়ে পরামর্শ দিয়েছেন।”
দোয়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চক্ষু বিশেষজ্ঞ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।












