কক্সবাজার প্রতিবেদক :
কক্সবাজার সদরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সেন্টমার্টিনের পর্যটন ব্যবসায়ী ও সংবাদকর্মী আব্দুল মালেক (৩৪)।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের ঝিলংজা বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি সৌদি আরব গমনের প্রস্তুতির অংশ হিসেবে রামুর জোয়ারিয়ানালায় বিকেএসপির প্রশিক্ষণ কেন্দ্রে দক্ষতা প্রশিক্ষণ শেষ করে বাড়ি ফিরছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রশিক্ষণ শেষে রামু থেকে সিএনজি চালিত অটোরিকশাযোগে কক্সবাজার শহরে ফিরছিলেন তিনি। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আব্দুল মালেক গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত আব্দুল মালেক সেন্টমার্টিনের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত আলী হোসেনের ছেলে। এক কন্যা সন্তানের জনক তিনি। স্থানীয় ‘সী প্রবাল রিসোর্ট’-এর মালিক হিসেবেও পরিচিত। তিনি কক্সবাজারের স্থানীয় দৈনিক হিমছড়ির সেন্টমার্টিন প্রতিনিধি ছিলেন।
নিজের ফেসবুক আইডির সংক্ষিপ্ত পরিচিতিতে তিনি লিখেছিলেন, “মৃত্যুর পর আমার লাশটি জন্মভূমি সেন্টমার্টিনে বাবা-মায়ের কবরের পাশে শায়িত করিও।” তার সেই ইচ্ছা অনুযায়ী দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
শিক্ষাজীবনে তিনি ছিলেন মেধাবী। সেন্টমার্টিন দ্বীপ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী হাতে গোনা কয়েকজনের মধ্যে তিনি অন্যতম। চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে এলএলবি (অনার্স) সম্পন্ন করে এলএলএম ডিগ্রি অর্জন করেন।
নিহতের স্বজন ও বন্ধু তৈয়ব উল্লাহ বলেন, “এখনো বিশ্বাস করতে পারছি না আমার বন্ধু নেই। তবুও আল্লাহর ফয়সালা মেনে নিতে হবে। রাতে টেকনাফে প্রথম জানাজা হবে। বৃহস্পতিবার দুপুরে সেন্টমার্টিনে দ্বিতীয় জানাজা শেষে মা-বাবার কবরের পাশেই তাকে দাফন করা হবে।”
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছমিউদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।












