শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে কক্সবাজারে বিক্ষোভ 

কক্সবাজার

কক্সবাজার প্রতিনিধি

সন্ত্রাসীদের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে কক্সবাজার শহরে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে শহরের বাসটার্মিনাল ও গুরুত্বপূর্ণ সড়কে ব্যারিকেড দিয়ে অবস্থান নেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বিক্ষোভকারীরা ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, হাদি ভাই মরলো কেন? প্রশাসন জবাব চাই’ ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ ও ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’সহ বিভিন্ন স্লোগান দেন।

বক্তারা বলেন, শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড রাষ্ট্র ও গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

উল্লেখ্য, শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন। গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে সন্ত্রাসীরা রিকশায় থাকা হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গত সোমবার তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

শরীফ ওসমান হাদি ১৯৯৩ সালে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা একজন মাদ্রাসা শিক্ষক। পিতার আদর্শ, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষা হাদির ব্যক্তিত্ব ও জীবনবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিন ভাই ও তিন বোনের মধ্যে তিনি সবার কনিষ্ঠ।