মায়ানমারে পাচারের সময় সিমেন্টবোঝাই বোটসহ আটক ১১

টেকনাফ

কক্সবাজার প্রতিবেদক :

সমুদ্রপথে অবৈধভাবে সিমেন্ট পাচারের সময় একটি ইঞ্জিনচালিত বোটসহ ১১ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় বোট থেকে ৭৪০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়েছে।

নৌবাহিনী সূত্র জানায়, দেশের সমুদ্রসীমার নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহলের অংশ হিসেবে গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শুল্ক ফাঁকি দিয়ে সিমেন্ট মায়ানমার পাচারের চেষ্টা চলছে। এর পরিপ্রেক্ষিতে নৌবাহিনী ওই এলাকায় টহল জোরদার করে।

টহল চলাকালে নৌবাহিনীর জাহাজ ‘প্রত্যাশা’ সেন্টমার্টিন বাতিঘর থেকে প্রায় ৩১ মাইল দূরে একটি সন্দেহজনক বোট শনাক্ত করে। থামার সংকেত দেওয়া হলে বোটটি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ‘এফবি রুনা আক্তার’ নামের বোটটি আটক করা হয়।

তল্লাশি চালিয়ে বোট থেকে ৭৪০ বস্তা বাংলাদেশি ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয় এবং চোরাকারবারী দলের ১১ সদস্যকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি বিকেলে বোটটি চট্টগ্রাম ফিশারিঘাট থেকে যাত্রা শুরু করে সন্দ্বীপ চ্যানেলের জোড়াবয়া এলাকায় গিয়ে সিমেন্ট লোড করে। পরে অধিক মুনাফার আশায় এসব সিমেন্ট মায়ানমারের সীতা এলাকায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

পরবর্তীতে আটক ব্যক্তিদের এবং জব্দকৃত মালামাল প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নৌবাহিনীর ফরোয়ার্ড বেইজ সেন্টমার্টিনে হস্তান্তর করা হয়েছে।