কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের রামু উপজেলার একটি ভাড়া বাসা থেকে বেলাল উদ্দিন জিহাদ ওরফে বাদল (২৫) নামে এক যুবকের গলাকাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্ত্রী তাহেরা বেগম আঁখি পলাতক রয়েছেন।
বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরোংলোয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বাদল ওই উপজেলার পূর্ব রাজারকুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া গ্রামের ব্যবসায়ী আবুল কাশেমের ছেলে। তার স্ত্রী আঁখির বাড়ি একই উপজেলার খুনিয়াপালং এলাকায় বলে জানা গেছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, বাদল পেশায় একজন ইজিবাইক চালক। স্বামী-স্ত্রী দুজনই টিকটক ভিডিও তৈরি করতেন। কয়েকদিন ধরে বাসা থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়দের সন্দেহ হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ঘরের বিছানায় তার গলাকাটা ও বীভৎস মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
ওসি আরও জানান, মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত তিন দিন আগে তাকে হত্যা করা হয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য স্বপন বড়ুয়া জানান, নিহতের স্ত্রী আগে বিবাহিত ছিলেন। এ নিয়ে বাদলের পরিবার বিয়ে মেনে নেয়নি। ফলে তারা আলাদা বাসায় বসবাস করছিলেন। কিছুদিন আগে দাম্পত্য কলহের জেরে তাদের মধ্যে বিরোধ দেখা দিলে সামাজিকভাবে বিষয়টি মীমাংসা করা হয়েছিল।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে স্ত্রী পরিকল্পিতভাবে বাদলকে হত্যা করে বাইরে থেকে দরজায় তালা দিয়ে পালিয়ে গেছেন। গত তিন দিন ধরে আঁখির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে।
ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পলাতক স্ত্রীকে পাওয়া গেলে হত্যার রহস্য উদঘাটন সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি।












