ডেস্ক রিপোর্ট :
কক্সবাজারের পেকুয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তাহসিন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও দুই থেকে তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
নিহত তাহসিন ঈদগাঁও এলাকার আবদুল হকের ছেলে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আনর আলী মাতব্বর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘বলাকা’ নামের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে সরাসরি ধাক্কা খায়। সংঘর্ষে সিএনজিতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাহসিনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইমরুল হাসান বলেন, বাস ও সিএনজির সংঘর্ষে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করা যায়নি। তবে সিএনজি অটোরিকশাটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।












