ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন লেভেল প্লেয়িং ফিল্ডেই হবে; স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক : 

স্বরাষ্ট্র উপদেষ্টা লে.জে.(অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনকে নির্ভিঘ্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে এবং সে অনুযায়ী কাজ এগিয়ে গেলে নির্বাচন হবে সুষ্ঠু ও উৎসবমুখর।

দুপুরে চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এসময় নির্বাচনকালীন সহিংসতার বিষয়ে তিনি আরো বলেন, যে সহিংসতাগুলো হচ্ছে, তার অনেকটাই নিজেদের দলের ভিতরেই। একই দল বা একই সংগঠনের ভেতরের দ্বন্দ্ব থেকেই অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। এ ক্ষেত্রে রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন হতে হবে বলেও মন্তব্য করেন তিনি। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন ইন্টারনেট সচল থাকবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী হুঁশিয়ার করে বলেন, ভোটের দিন কেউ ইন্টারনেট বন্ধ করলে তাকে আইনের আওতায় আনা হবে।

নির্বাচনের সময় ইন্টারনেটের ব্যবহার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমাদের পরিকল্পনা হলো এটা খোলা থাকবে। ইন্টারনেট যদি কেউ বন্ধ করে, আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসবো।’

নির্বাচন লেভেল প্লেয়িং ফিল্ডেই হবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড অনেক পুরনো শব্দ। কিছু কিছু শব্দ আছে যেগুলো সব সময় ব্যবহার হয়। কেউ বলবে ফিল্ড লেভেল, কেউ বলবে ফিল্ড লেভেল না। কিন্তু আমরা আমাদের চেষ্টা করে যাচ্ছি। নির্বাচনটা লেভেল প্লেয়িং ফিল্ডেই হবে।’

এর আগে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এসময় বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশসহ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।