টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৫ লাখ ইয়াবা জব্দ

টেকনাফ

কক্সবাজার প্রতিবেদক :

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মিয়ানমার থেকে আসা ৫ লাখ পিস ইয়াবা জব্দ করেছে নৌবাহিনী।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নৌবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্র নাফ নদী ব্যবহার করে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান দেশে প্রবেশ করানোর পরিকল্পনা করছে। মাদকের চালানটি হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়া ব্রিজ এলাকা দিয়ে উলুচামারীর দিকে নেওয়ার কথা ছিল। ওই তথ্যের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল হ্নীলা ইউনিয়নের নাটমুড়াপাড়া এলাকায় কৌশলগত অবস্থান নেয়। তবে মাদক কারবারিরা পূর্বনির্ধারিত রুট পরিবর্তন করে চৌধুরীপাড়া খালের দক্ষিণ পাশ দিয়ে বস্তাভর্তি মাদক নিয়ে অগ্রসর হতে থাকে।
 এসময় নৌবাহিনীর সদস্যরা দ্রুত অবস্থান পরিবর্তন করে খালের উত্তর পাশ থেকে ধাওয়া চালিয়ে মাদকভর্তি বস্তা আটক করতে সক্ষম হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপস্থিতিতে বস্তাগুলো তল্লাশি করে মোট ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা বলে জানানো হয়েছে। উদ্ধারকৃত মাদকের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্তা নেওয়া হচ্ছে।