কক্সবাজার প্রতিবেদক :
কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে দুইজন রোহিঙ্গা নাগরিক ও তিনজন স্থানীয় বাসিন্দা রয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন, ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা নূর হোসেনের ছেলে আব্দুর রহমান (৩৬), একই ক্যাম্পের নুর হকের ছেলে মোহাম্মদ জিসান (১৩), হ্নীলা ইউনিয়নের মোছনী ৯ নম্বর ওয়ার্ড এলাকার মৃত ভেক্কা মিয়ার ছেলে বাচা মিয়া (৩৮), আলীখালী ৮ নম্বর ওয়ার্ড এলাকার আব্দুল জলিলের মেয়ে নূসরাত জাহান (১৮ মাস) এবং একই এলাকার নূর ইসলামের ছেলে শাহাবুদ্দিন (১১)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণার একটি ড্রাম ট্রাক সড়ক অতিক্রম করার পর সেখানে জড়ো হওয়া জনতার ভিড়ের মধ্যে মদ্যপ অবস্থায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি জালাল প্রকাশ লাশ জালাল বিদেশি অস্ত্র দিয়ে অতর্কিত গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচজন গুলিবিদ্ধ হন। আহতদের উদ্ধার করে প্রথমে লেদা আইআরসি ও আইওএম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, বিএনপির নির্বাচনী প্রচারণা দেখতে আসা জনতার ওপর মদ্যপ অবস্থায় এক ব্যক্তি গুলি চালিয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে এপিবিএন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।












