টেকনাফে কোস্টগার্ডের পৃথক অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ৫

Uncategorized টেকনাফ
কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে প্রায় ১৯ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
আটক ব্যক্তিরা হলেন, টেকনাফ শালবাগান রোহিঙ্গা ক্যাম্পেল মো. সুলতানের ছেলে মো. ইয়াসিন (৩৫), টেকনাফ বাহারছড়ার হাজমপাড়ার মকবুল আহমেদের ছেলে মো. ইসমাইল (২২), লাল মোহাম্মদের ছেলে গিয়াস উদ্দিন (৩২), জসিম উদ্দিন (৩৩), কুমিল্লা চৌদ্দগ্রামের মৌলভী বাড়ি, পাশা কোট, মেসতলি বাজার এলাকার মো. মান্নানের ছেলে সাহাদাত হোসেন (সাকিব)।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া লবণের গোনা এলাকা থেকে একটি কাভার্ড ভ্যানে করে ইয়াবার বড় চালান চট্টগ্রামের উদ্দেশ্যে নেওয়া হবে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ নাফ নদী সংলগ্ন বড়ইতলী প্রধান সড়কে বিশেষ অভিযান চালায়।
অভিযান চলাকালে একটি সন্দেহজনক কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে পাটাতনের নিচে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে প্রায় ১৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় একজন মাদক পাচারকারীকে আটক করা হয়।
অপরদিকে, আরেকটি গোপন সংবাদে জানা যায়, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান নাফ নদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এ তথ্যের পর কোস্ট গার্ড উক্ত এলাকায় রাডার নজরদারি ও বিশেষ টহল জোরদার করে। শুক্রবার মধ্যরাত ২টার দিকে মিয়ানমার থেকে আসা একটি সন্দেহজনক ফিশিং বোট শাহপরীর দ্বীপের গোলারচর সংলগ্ন সমুদ্র এলাকায় বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী অভিযান চালিয়ে বোটটি আটক করে। পরে বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবাসহ চারজন মাদক পাচারকারীকে আটক করা হয়।
তিনি আরও জানান, জব্দ করা ইয়াবা, পাচারে ব্যবহৃত কাভার্ড ভ্যান ও ফিশিং বোট এবং আটক পাঁচ মাদক পাচারকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।