নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের সীতাকুন্ডে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা প্রায় ৯ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় বস্ত্র সামগ্রী ও বিদেশি সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড।
রবিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে বিশেষ অভিযানে শুল্ক কর ফাঁকি দিয়ে আনা পণ্যগুলো আটক করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শনিবার রাত ৯ টায় বিষেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী।
অভিযান চলাকালীন সন্দেহজনক ১টি কাভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় ৮ কোটি ৯২ লক্ষ টাকা মূল্যের অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা ও ১ হাজার ২৯৮ কার্টুন বিদেশী সিগারেট জব্দ করা হয়। তবে কাভার্ড ভ্যান চালক ও হেল্পারের মুচলেকা নিয়ে কাভার্ড ভ্যানসহ ছেড়ে দেওয়া হয়।
জব্দকৃত মালামালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম কাস্টমস এর নিকট হস্তান্তর করা হয় বলে জানান মিডিয়া কর্মকর্তা।












