কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে চোরাবালিতে ডুবে মাইমুনা আক্তার (১৪) ও ইশপা মনি (১১) নামে দুই কিশোরীর মৃত্যু হয়েছে।
সোমবার (৯ মার্চ) বিকেল ৩টার দিকে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৌলভিরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ৪ থেকে ৫ জন বান্ধবী একসঙ্গে মাতামুহুরি নদীর ঘাটে গোসল করতে নামে। একপর্যায়ে হঠাৎ করে মাইমুনা আক্তার ও ইশপা মনি নদীর গভীর পানিতে চলে গেলে তারা ডুবে যায়। এ সময় তাদের সঙ্গে থাকা অন্য বান্ধবীরা ভয় পেয়ে তীরে উঠে চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসেন। খোঁজাখুঁজির পর দুই কিশোরীকে পানিতে ভেসে উঠতে দেখে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এসময় তাদের সঙ্গে থাকা আরও দুই কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মোরশেদ অভিযোগ করে বলেন, মাতামুহুরি নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীতে গভীর গর্ত সৃষ্টি হয়েছে। এসব ঝুঁকিপূর্ণ গর্তে পড়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
চকরিয়া থানার অপারেশন অফিসার ফরিদ উদ্দিন জানান, মাতামুহুরি নদীতে তলিয়ে দুই কিশোরীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।












