কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়ায় একটি বন্য হাতিকে হত্যা করে ধানখেতে মাটিচাপা দেওয়ার ঘটনা ঘটেছে। হত্যার বিষয়টি গোপন করতে মরদেহের ওপর ঝুপড়ি ঘর তৈরি করে আড়ালের চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার কাকারা ইউনিয়নের মুসলিমনগর এলাকায় সংরক্ষিত বনাঞ্চলের পাশের একটি ধানখেত থেকে হাতিটির মরদেহ উদ্ধার করা হয়। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন বিভাগের কর্মীরা মাটি খুঁড়ে হাতিটির মরদেহ পান।
বন বিভাগ ও স্থানীয় বাসিন্দারা জানায়, প্রায় এক মাস আগে মুসলিমনগর সংরক্ষিত বনাঞ্চলে একটি বন্য হাতিকে হত্যা করা হয়। পরে হাতিটির মরদেহ ধানখেতে মাটিচাপা দেওয়া হয়। ঘটনার বিষয়টি আড়াল করতে পুঁতে রাখা স্থানের ওপর একটি ঝুপড়ি ঘর তৈরি করে ধানখেত পাহারা দেওয়া হচ্ছিল। কয়েক দিন ধরে ওই স্থান থেকে দুর্গন্ধ ছড়ালে বনপ্রহরীরা বিষয়টি লক্ষ্য করেন এবং বন বিভাগকে খবর দেন।
খবর পেয়ে বন বিভাগ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে হাতিটির মরদেহ উদ্ধার করে। পরে ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে ময়নাতদন্তের আলামত সংগ্রহ করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাতিটির বয়স আনুমানিক ১০ বছর।
কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. সাদেকুর রহমান বলেন, হাতিটিকে কীভাবে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হতে ময়নাতদন্তের আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।












