কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কক্সবাজার

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে মেহেদী হাসান আবির (২৬) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে শহরের সুগন্ধা সৈকতে এ ঘটনা ঘটে।
নিহত আবির বান্দরবানের আজিজনগর এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে একটি সিসিটিভি ক্যামেরার দোকানে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, আবির তার তিন বন্ধু আরিফুল ইসলাম, তানজিন ও মারুফুল হাসান রিপনকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার সকালে কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুর ২টার দিকে তারা সুগন্ধা সৈকতে গোসলে নামেন। একপর্যায়ে সাগরের ঢেউয়ের মধ্যে আবির নিখোঁজ হয়ে যান। পরে প্রায় তিন ঘণ্টা পর বিকেল ৫টার দিকে তার মরদেহ সৈকতে ভেসে উঠতে দেখা যায়।
এ সময় সি সেফ লাইফগার্ডের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সি সেফ লাইফগার্ডের ফিল্ড টিম লিডার ইমতিয়াজ আহমেদ বলেন, সৈকতে গোসলের সময় নিরাপত্তা নির্দেশনা মেনে চলার জন্য পর্যটকদের বারবার সতর্ক করা হলেও অনেকেই তা মানছেন না।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন জানান, নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।