কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারে বাড়ি নির্মাণের জন্য চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় ছুরিকাঘাতে গণেশ পাল (৩৫) নামে এক যুবককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (৭ মার্চ) দুপুরে শহরের বিজিবি ক্যাম্প সংলগ্ন পল্লানকাটা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পল্লানকাটায় নতুন বাড়ি নির্মাণ করছিলেন ব্যবসায়ী গণেশ পাল। সেপটিক ট্যাংক বসানোর কাজ চলছিল। পরিবারের দাবি, বাড়ি নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় কিছু যুবক রাজনৈতিক প্রভাব দেখিয়ে তার কাছে চাঁদা দাবি করছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
নিহতের ভাই আশীষ পাল বলেন, “আমার ভাই সকালে দোকানে ছিল, পরে বাড়ির কাজ দেখতে যায়। এরপরই এ হত্যাকাণ্ড ঘটে। যারা চাঁদা দাবি করেছিল, তারাই তাকে মেরেছে। আমি খুনিদের ফাঁসি চাই।”
স্থানীয় বাসিন্দারা জানান, জিসান নামে এক যুবক ও তার সহযোগীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তারা বলেন, “জিসান ও তার গ্রুপ এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করছে। এ হত্যার সঙ্গে তাদের সম্পৃক্ততা থাকতে পারে। দ্রুত গ্রেফতার করা হোক।”
পৌরসভার সাবেক কাউন্সিলর রাজবিহারী দাশ বলেন, “দিনদুপুরে চাঁদার কারণে খুন এটা মেনে নেওয়া যায় না। প্রশাসনের কঠোর ব্যবস্থা প্রয়োজন।”
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন বলেন, “প্রাথমিকভাবে পরিবারের অভিযোগ, চাঁদা না দেওয়ায় হত্যাকাণ্ড ঘটেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”












