কক্সবাজারে জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন

কক্সবাজার
কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারে জ্বালানি তেলের সংকটে ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। শহর ও শহরের বাইরের পাম্পগুলোতে তেল নিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন চালকরা। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শহরের ক্যাপ্টেন কক্স, ভোলা বাবু পেট্রোল পাম্পসহ শিরভাগ ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেল,  অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি দাঁড়িয়ে আছে। অনেক চালক কয়েক ঘণ্টা অপেক্ষা করেও চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।
কয়েকজন মোটরসাইকেল চালক জানান, প্রয়োজনের তুলনায় কম তেল দেওয়া হচ্ছে। ফলে লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে শহরে যানবাহন চলাচলেও প্রভাব পড়ছে।
অন্যদিকে পাম্প কর্তৃপক্ষের দাবি, তারা নিজেরা কোনো তেল আটকে রাখছেন না। ডিপো থেকে যে পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে, তা গ্রাহকদের মধ্যে দ্রুত বিতরণ করা হচ্ছে। তবে অধিকাংশ পাম্প কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।
স্থানীয়রা বলছেন, দ্রুত জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক করা না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।