কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এসিড জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব রাসায়নিক দ্রব্য মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল।
শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়ন এর দক্ষিণ স্টেশন এলাকার জকরিয়া মার্কেটের নিচতলার একটি ভাড়া করা দোকানে এ অভিযান চালানো হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১৫–এর একটি দল ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালায়। এসময় পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী সঙ্গে ছিলেন। অভিযান চলাকালে আক্তার হোসেন (৩২) নামের এক ব্যক্তির ভাড়া নেওয়া দোকান থেকে প্রায় তিন হাজার লিটার এসিড জব্দ করা হয়। জানা গেছে, ৩০ লিটারের ১০০টি জেরিকেনে এসব এসিড সংরক্ষিত ছিল। পরে খবর পেয়ে উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) শুভ সরকার
নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জব্দকৃত আলামত থানার হেফাজতে নেন। পরীক্ষার জন্য একটি জেরিকেন থেকে নমুনাও সংগ্রহ করা হয়েছে।
পুলিশ জানায়, জব্দকৃত এসিডের মালিক হিসেবে আক্তার হোসেনের নাম পাওয়া গেছে। তিনি পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া এলাকার মৃত আবু বক্করের ছেলে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, এসব রাসায়নিক দ্রব্য সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারের প্রস্তুতি চলছিল।
পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, সীমান্ত এলাকায় সক্রিয় চক্রগুলো মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মিসহ বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর কাছে এসব রাসায়নিক পাচার করে থাকে। এসব এসিড মাদক এবং বিভিন্ন ধরনের বিস্ফোরক তৈরিতে ব্যবহার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।












