উখিয়ায় অস্ত্র ও গোলাবারুদসহ পাঁচ রোহিঙ্গা র‍্যাবের হাতে আটক

Uncategorized কক্সবাজার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ ৫ রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে র‍্যাব।
বুধবার (৪ মার্চ) বিকেলে র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার আ.ম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন, মো. আলম (৩৩), মো. রশিদ (৪৪), সৈয়দ আলম (২৯), নূর কামাল (২৮) ও জাহেদ উল্লাহ (২১)। তারা সবাই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
সহকারী পরিচালক আ.ম ফারুক জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার বালুখালী পান বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এক ব্যক্তির ভাড়া বাসায় একদল সশস্ত্র ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছে এমন খবর পাওয়া যায়। ওই খবরে রাত পৌনে ১০টায় অভিযান চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ৫ জনকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যায়। আটকদের তল্লাশি করে ১টি দেশীয় তৈরি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, ১টি ফায়ারকৃত খোসা, ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ৩ রাউন্ড রাইফেলের গুলি,
২টি ফোল্ডিং স্টিলের চাকু, ৩টি বিশেষ ধরনের ধারালো আংটি, ৪টি মোবাইল ফোন ও বিভিন্ন অপারেটরের সিম কার্ড উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে যে, তারা পরস্পর যোগসাজশে কক্সবাজারের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা ও ডাকাতির সঙ্গে জড়িত। এদের মধ্যে মো. আলমের বিরুদ্ধে ২০২৪ সালে টেকনাফ থানায় একটি অস্ত্র মামলা রয়েছে। বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।