রামুতে হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ভাই

কক্সবাজার

কক্সবাজার প্রতিনেদক :

কক্সবাজারের রামুতে দীর্ঘ দিন কারাবন্দি থাকার পর পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন দুই ভাই।
শনিবার (২১ ফেব্রুয়ারি) উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামে এই ঘটনা ঘটে। এদিন বার্ধক্যজনিত কারণে মা মোস্তফা বেগম (৮০) মারা গেলে প্যারোলে মুক্তি পান ওই এলাকার নুর আহমদের দুই ছেলে ফরিদুল আলম ও মোহাম্মদ ইসমাঈল।
পানের ছড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় জোহরের নামাজের পর অনুষ্ঠিত জানাজায় তারা দুজন অংশ নেন। এসময় তাদের হাতে ছিল হাতকড়া এবং পাহারায় ছিলেন রামু থানার পুলিশ সদস্যরা।
জানাজার মাঠে বড় ভাই ফরিদুল আলম বলেন, ‘‘আওয়ামী লীগের রাজনীতি করায় আমরা ষড়যন্ত্রের শিকার, অথচ আমরা কোনদিন এলাকায় কারো ক্ষতি করিনি। আমাদের মরহুমা মা এবং অসুস্থ বাবার জন্য দোয়া করবেন।”
স্বজনরা জানান, দুইভাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের নেতা ছিলেন। প্রথমে একটি মামলায় জামিন হলেও তাদের পুনরায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। গত আড়াই মাস ধরে তারা কারাভোগ করছেন।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, নিকটাত্মীয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তারা মুক্তি পেয়েছিলেন। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। দুই ভাইয়ের বিরুদ্ধে রামু থানায় মামলা রয়েছে।