মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ আটক ১০ 

টেকনাফ
কক্সবাজার প্রতিনিধি :
ময়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড। এসময় পাচার কাজে ব্যবহৃত একটি ফিশিং বোটও জব্দ করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাতে অপারেশন ‘কোরাল দ্বীপ’-এ নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ জয় বাংলা সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালায়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন ও মিডিয়া কর্মকর্তা সুমন আল মুকিত বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন চকরিয়া উপজেলার উত্তর ফুলছড়ি গ্রামের নজরুল ইসলাম (৩০), আব্দুল আজিজ (৩০), শফিকুর রহমান (২১), জাহেদুল ইসলাম (২৭), মো. এরশাদ (৩১), মো. নুরুল আলম (৩৪), মো. নুরুল হক (২০), মো. হারুন অর রশিদ (২৮), মো. নাসির উদ্দীন (৪০) ও মো. এহসান (৩২)।
মিডিয়া কর্মকর্তা সুমন আল মুকিত জানান, অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। এসময় পাচার কাজে জড়িত ১০ জনকে আটক করা হয়।
জব্দ করা সিমেন্ট, পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোট এবং আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের এ কর্মকর্তা।