ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানে প্রস্তুত নির্বাচন কমিশন

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক : 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নির্বাচনী সরঞ্জাম ঘিরে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি।

ইতোমধ্যে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে জেলার ১০টি আসনের নির্বাচনী সরঞ্জাম স্ব- স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌঁছানো হয়েছে। এছাড়া চট্টগ্রাম মহানগরীতে থাকা ৬টি আসনের নির্বাচনী সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে।

আগামীকাল সকাল দশটা থেকে এসব সরঞ্জাম প্রিসাইডিং অফিসার ও আইনশৃঙ্খলাবাহিনীর তত্ত্বাবধানে ভোটকেন্দ্রে পাঠানো হবে।

এবার চট্টগ্রামে ১৬টি আসনে মোট প্রার্থী ১১২জন। মোট ভোটার প্রায় ৬৬ লাখ ৮৬ হাজার। ভোট কেন্দ্র রয়েছে ১ হাজার ৯৬৫টি আর ভোট কক্ষ রয়েছে ১২ হাজার একটি। ইতোমধ্যে প্রায় ৪০ হাজার ভোট গ্রহণ কর্মকর্তাকে ভোটের জন্য প্রশিক্ষণ দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া মাঠে টহলে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে এবার মোট ১১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ৬৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং নির্বাচনী অপরাধ দ্রুত বিচার নিশ্চিত করতে ৩১ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে প্রার্থীদের আচরণবিধি তদারকিতে প্রতিটি সংসদীয় আসনের জন্য ৪২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়। সব মিলিয়ে চট্টগ্রামে মোট ১৪২ জন নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।