চকরিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Uncategorized কক্সবাজার
কক্সবাজার প্রতিনিধি ;
কক্সবাজারের চকরিয়ায় স্বামীর ঘরের তীরে ঝুলন্ত অবস্থায় আয়েশা ছিদ্দিকা (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৭ মার্চ) রাতে চকরিয়া থানার অপারেশন অফিসার মো. ফরিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উলুবনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আয়েশা ছিদ্দিকা ওই এলাকার মোহাম্মদ হোসেনের মেয়ে।
 ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু জানান, স্বামী আবদুল মুবিন ও স্ত্রী আয়েশা ছিদ্দিকার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক মনোমালিন্য ও ঝগড়া-বিবাদ চলছিল। হঠাৎ খবর পাওয়া যায়, ঘরের দরজা বন্ধ করে ওড়না দিয়ে ঘরের তীরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আয়েশা।
তিনি আরও জানান, স্থানীয় লোকজন দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে নিচে নামান। পরে বিষয়টি তাকে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চকরিয়া থানার অপারেশন অফিসার মো. ফরিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে ঘরের ভেতর গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এটি আত্মহত্যা নাকি হত্যা তা নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় নিহতের স্বামী আবদুল মুবিন পলাতক রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা সম্ভব হয়নি বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।